জাতীয় বৃক্ষমেলায় রেকর্ড ১৬ লাখ গাছের চারা বিক্রি

প্রকাশ:

মাসব্যাপী আয়োজিত জাতীয় বৃক্ষমেলা ২০২৬-এ রেকর্ড পরিমাণ প্রায় ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদফতরে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এই সাফল্যের কথা জানান।

এবারের মেলায় দেশের মানুষের অভূতপূর্ব সাড়ায় সন্তোষ প্রকাশ করে মন্ত্রী জানান, মেলায় মোট ৭৪টি নার্সারি অংশগ্রহণ করেছিল। পরিবেশগত তাৎপর্য এবং জলবায়ুর বিরূপ পরিস্থিতি মোকাবিলায় এই বৃক্ষমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি মন্তব্য করেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, মেলা শেষ হলেও আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি, বরং আসল কাজ এখন শুরু। মেলা থেকে সংগ্রহ করা চারাগুলো সঠিক সময়ে রোপণ এবং নিয়মিত পরিচর্যা করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। দেশকে জলবায়ু সহনশীল ও সবুজ নিরাপদ করে গড়ে তুলতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, দেশের পরিবেশগত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, শহিদ জিয়া দেশে প্রথম সবুজায়ন প্রকল্প চালু করেছিলেন এবং পরিবেশ ও প্রাণ-প্রকৃতিকে বাঁচিয়ে রাখার শিক্ষা দিয়েছিলেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৩ জুন কক্সবাজারে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার কার্যক্রম শুরু করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন