নাসিরনগরে এনসিপির সাবেক নেতাকে পিটিয়ে পুলিশে দিলেন বিএনপি কর্মীরা

প্রকাশ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা আসাদ খোকনকে পিটিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়ন রাজবাড়িতে এই ঘটনা ঘটে। আসাদ খোকন নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের বাসিন্দা এবং এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত বছর তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, শুক্রবার সকালে আসাদ খোকন জেলা শহর থেকে নৌকায় হরিপুর রাজবাড়িতে আসেন। দুপুর ১২টার দিকে সেখানে পৌঁছে তিনি ফেসবুক লাইভে যুক্ত হন। এরপর দুপুর ২টার দিকে রাজবাড়ির সামনে তিতাস নদীতে গোসল করার সময় ২০-৩০ জনের একটি দল তাকে ঘিরে ফেলে মারধর শুরু করে। মারধরের পর তাকে রাজবাড়ির একটি কক্ষে আটকে রাখা হয়। পরে অচেতন অবস্থায় তাকে নাসিরনগর সদরে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নাসিরনগর থানা পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের জিম্মায় দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক নেতা দাবি করেছেন, নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াছিন মাহমুদ, বিএনপি কর্মী মো. বিল্লাল ও মো. মোর্শেদের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। তবে ইয়াছিন মাহমুদ মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন বলেছেন, স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির জেরে এই ঘটনা ঘটেছে এবং এতে তাদের দলের কেউ জড়িত নন। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেছে, তবে ভুক্তভোগী এ বিষয়ে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।

শেয়ার করুন