গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

প্রকাশ:

গ্যাসের দাম বাড়ানোর যেকোনো উদ্যোগের তীব্র বিরোধিতা করে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার মাত্র পাঁচ মাসের ব্যবধানে কয়েক দফা জ্বালানির দাম বাড়িয়েছে। অথচ দেশের অনেক এলাকায় গ্যাস সরবরাহ না থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জের সংঘর্ষে আহত হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারানো আলিফ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আলিফের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে নাহিদ ইসলাম জানান, আগামী শনিবার বোর্ড মিটিংয়ের পর চিকিৎসকরা তার বিষয়ে বিস্তারিত জানাবেন।

এ সময় হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির দিকে অভিযোগের আঙুল তুলে নাহিদ ইসলাম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, সরকার এমন বার্তা দিচ্ছে যে ছাত্রদল বা যুবদল চাইলে যে কাউকে মারধর করতে পারে এবং এর কোনো প্রতিবাদ হয় না। স্থানীয় পর্যায়ে সরকারি দলের এমপিদের আসল চরিত্র ফুটে উঠছে বলেও তিনি মন্তব্য করেন।

দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বেড়েছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ১২টি প্রতিষ্ঠানে দলীয় লোক বসানো হয়েছে। তবে তিনি নির্দিষ্ট করে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। এনসিপি নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার খুব শিগগিরই জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে। সরকারের আচরণ জনগণ মেনে নেবে না এবং তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, তারেক রহমান দল ও দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছেন।

শেয়ার করুন