বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

প্রকাশ:

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার নীতিগতভাবে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়া ঠিক কবে থেকে শুরু হবে বা কত সময়ের মধ্যে সম্পন্ন হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা তিনি জানাননি। বুধবার মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে-এর বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে।

আনোয়ার ইব্রাহিম এই সিদ্ধান্তকে রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, পারস্পরিক সমঝোতার অংশ হিসেবে মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকেও প্রথম ধাপে ফেরত নিতে মিয়ানমার রাজি হয়েছে। দীর্ঘদিন ধরে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করে আসছিল, তবে দুই দেশের সুসম্পর্কের কারণে মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গাকে প্রথম পর্যায়ে গ্রহণে তারা সম্মত হয়েছে বলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

মিয়ানমারে সংঘাত ও নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে আছেন। সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার কার্যালয়ের সামনে শতাধিক রোহিঙ্গা জড়ো হওয়ার পর তাদের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

বুধবার (২৯ জুলাই) মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে-এর বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

শেয়ার করুন