এআই দিয়ে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগ এমপি এম নাসের রহমানের

প্রকাশ:

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান অভিযোগ করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তার নামে একটি বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি করা হয়েছে। তিনি দাবি করেছেন, রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে তার মাথার ছবি অন্য একজনের শরীরে বসিয়ে এই ভিডিওটি তৈরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। এম নাসের রহমান জানিয়েছেন, এই ঘটনায় এরই মধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সরকারের একটি বিশেষায়িত সংস্থা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছে।

এমপি এম নাসের রহমান সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই না করে এআই দিয়ে তৈরি কোনো ভুয়া বা বিভ্রান্তিকর ভিডিও, ছবি বা তথ্য শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের কনটেন্ট প্রচার বা পুনঃপ্রচার করা প্রচলিত তথ্যপ্রযুক্তি আইনে একটি দণ্ডনীয় অপরাধ।

শেয়ার করুন