২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষার সুযোগের চিন্তা

প্রকাশ:

এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা করানোর পরিবর্তে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য দ্রুত এই পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া বা সিদ্ধান্ত নেয়ার বিষয়ে সরকার সক্রিয় রয়েছে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউনে আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’-এ তিনি এসব কথা বলেন। আয়োজনে গণস্বাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে সহযোগিতা করেছে। অনুষ্ঠানে জানানো হয়, এবারের এসএসসি পরীক্ষায় প্রায় ৬ লাখ ৯ হাজার শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। এত বিশাল সংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যতের দায়ভার সরকার এড়াতে পারে না উল্লেখ করে ড. আমিন জানান, শিক্ষার্থীদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী ক্যারিয়ার গড়ার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরি করে তাদের আগ্রহ ও মেধা যাচাই করা হচ্ছে। এদের মধ্যে কাউকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে, আবার কাউকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সাথে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ভালো ব্যবসায়িক ধারণা রয়েছে এমন শিক্ষার্থীদের জন্য প্রাথমিক পর্যায়ে অর্থায়নের ব্যবস্থা নিয়েও সরকার ভাবছে।

বিদেশে কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে ড. মাহদী আমিন জানান, জাপানি, কোরীয়, চীনা কিংবা পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের ভাষা শেখানোর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তিন থেকে ছয় মাসের নিবিড় ভাষা শিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অনেক শিক্ষার্থী দ্রুতই কর্মক্ষেত্রে প্রবেশ করতে সক্ষম হবে।

প্রায় ৬ লাখ ৯ হাজার শিক্ষার্থীর ফলাফল খারাপ হওয়ার পেছনে কোনো একটি নির্দিষ্ট কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতির উত্তরণে সরকারের উদ্যোগগুলো হবে বহুমাত্রিক। যারা ভালো ফলাফল করেছে তাদের মতো যারা ব্যর্থ হয়েছে, তাদের প্রতিও রাষ্ট্র সমভাবে দায়িত্বশীল। প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, ফলাফলের কারণে কোনো শিক্ষার্থী যেন নিজেকে অবহেলিত না ভাবে। সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে তাদের পাশে দাঁড়াবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পেছনের কারণ এবং শিক্ষার্থীদের মানসিক চাপ লাঘবের উপায় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সঞ্চালনায় উক্ত সম্মেলনে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গবেষক ও উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন