আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর

প্রকাশ:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই মামলার বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। সেই নির্দেশের ধারাবাহিকতায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোসহ জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানাবে। এর আগে গত ২১ জুলাই তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করেছিল প্রসিকিউশন।

প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।

এদিকে, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ২১ জুলাই দিন ধার্য ছিল। প্রসিকিউশন সেদিন আরও দুই মাস সময় চেয়েছিল। তবে মোজাফফরের সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরীর যোগসাজশের অভিযোগ থাকায় আদালত নতুন কোনো তারিখ না দিয়ে তাকেও আজ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

শেয়ার করুন