ঈশ্বরদীতে চুরির সময় গণপিটুনিতে নিহত ১, আহত ৩

প্রকাশ:

পাবনার ঈশ্বরদীতে একটি মুদি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতার গণপিটুনিতে সুমন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুমন একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে মুদি ব্যবসায়ী হবিবুল ইসলামের দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন সুমন। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে হবিবুল ইসলাম বাইরে বের হয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় সুমন ধারালো অস্ত্র দিয়ে হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সুমনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় দোকান মালিক হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১০: ২০আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১০: ২২

শেয়ার করুন