দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশ:

সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।

নির্বাচনে ভোটদান থেকে বিরত ছিলেন কয়েকজন সংসদ সদস্য। অসুস্থতার কারণে ভোট দিতে না পারায় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ও চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা আগেই ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে চিঠি দিয়েছিলেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ভোট দিতে অনুপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ দলের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্বাচনে ভোট দেননি।

বাম ঘরানার ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাসানী ন্যাপের মাধ্যমে জাতীয় রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে বিএনপির মহাসচিবের দায়িত্ব প্রদান করেন।

২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি তারেক রহমানের মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় তিনি সর্বশেষ অংশগ্রহণ করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে তার ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে এবং এখন সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন