দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশ:

দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গত শুক্রবার পদত্যাগ করার পর থেকেই পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বঙ্গভবনের এই সর্বোচ্চ পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির বেশ কয়েকজন নেতার নাম শোনা গেলেও বর্তমানে সবার চেয়ে এগিয়ে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং সার্বিক সমীকরণে দল ও দলের বাইরে তার নামটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

দীর্ঘদিন ধরে বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুল তার প্রজ্ঞা, দূরদর্শিতা এবং ভারসাম্যপূর্ণ নেতৃত্বের জন্য সুপরিচিত। দল ও রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ এই নেতার প্রতি বিএনপির বড় একটি অংশের সমর্থন রয়েছে। সংকটকালে স্থিতিশীলতা বজায় রাখতে একজন বিতর্কহীন ও দক্ষ ব্যক্তিত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, মির্জা ফখরুলের মতো পরীক্ষিত নেতৃত্বই বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে যোগ্য হতে পারেন। তবে এ বিষয়ে বিএনপি মহাসচিব এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দশকেরও বেশি সময় ধরে বিএনপির মুখপাত্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং কঠিন সময়ে রাজপথের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রেও তার সমন্বয়ক ভূমিকা অনস্বীকার্য। তার বিরুদ্ধে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের কোনো অভিযোগ না থাকাও তার সম্ভাব্য নিয়োগের ক্ষেত্রে একটি ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগ সরকারের আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সরকার পতনের পর রাজনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। শুক্রবার মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার প্রক্রিয়া নিয়ে তৎপরতা শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং অন্যান্য কমিশনাররা ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন। নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সার্বিক বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।

তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে।

শেয়ার করুন