ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বুধবার এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি জারি করা হয়েছে।
উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষর করা এই চিঠিটি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামানের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে মির্জা আব্বাসকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, মির্জা আব্বাস বর্তমানে অসুস্থতার কারণে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তবে দলীয় সূত্রের দাবি, তিনি গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং খুব শিগগিরই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।





