রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের ‘বি’ ব্লকে শুক্রবার বিকেলে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ দুইজন আহত হয়েছেন। আহত বিএনপি নেতা আলমগীর হোসেন (৪৫) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (লালবাগ–নবাবগঞ্জ রোড) ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা বিএনপিরও সদস্য এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী। তার বাসা মিরপুর ১১ নম্বর সেকশনের ৩ নম্বর রোডে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও নিতম্বে গুলি লেগেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, বিকেলে মিল্লাত ক্যাম্পের সামনে একটি প্রাইভেট কারে চারজন ব্যক্তি এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান, পরে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ আলমগীর জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জোসনা (৬৫) নামে এক পথচারীও আহত হয়েছেন। তিনি মিরপুর ১১ নম্বরের ‘বি’ ব্লকের বাসিন্দা। তার পায়ে একটি গুলি লেগেছে এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির গণমাধ্যমকে জানান, স্থানীয় সন্ত্রাসী রুবেল ওরফে ল্যাংড়া রুবেল আলমগীরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। হামলার কারণ সম্পর্কে স্বজনদের ধারণা, রাজনৈতিক বিরোধের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ ও হামলাকারীদের বিষয়ে নিশ্চিত হতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।





