নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা হলে বিব্রত বোধ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই নির্বাচনে যে কেউ অংশগ্রহণ করতে পারে। তবে যারা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করেন, তাদের উদ্দেশে তিনি বলেন, এই মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা ঠিক না, উচিতও না। কারণ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। এমন একটি সংগঠনকে নিয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি।
মীর শাহে আলম আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার কোনো অধিকার তাদের নেই। এছাড়া তাদের কোনো সভা, সমাবেশ বা মিছিল করার অধিকারও নেই। এমনকি দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগও তাদের নেই।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যতক্ষণ পর্যন্ত এই দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার নেই। যদি তারা তা করে, তাহলে আইনের আওতায় আসবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৪৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৪৫





