চলমান বন্যা পরিস্থিতি, এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে উদ্ভূত জটিলতা এবং শিক্ষার্থীদের নিয়ে করা বিভিন্ন মন্তব্য ঘিরে সৃষ্ট আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন কীভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা যায় এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলা করা সম্ভব হয়। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে শিক্ষা মন্ত্রণালয়। বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শুরু থেকেই সতর্ক ছিল উল্লেখ করে তিনি জানান, কোনো কেন্দ্রে পানি ওঠার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি কুমিল্লাসহ কয়েকটি এলাকার কথা তুলে ধরেন।
পরীক্ষায় কোনো ধরনের গাফিলতি হলে প্রতিকারের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রশাসনিক ত্রুটির কারণে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে বা পরীক্ষা দিতে না পারলে তথ্য যাচাই সাপেক্ষে পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, যেসব কেন্দ্রে ভুলত্রুটি হয়েছে, সেখানেও পুনরায় পরীক্ষা নেওয়ার আইনি সুযোগ রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, তোমরা পড়ার টেবিলে ফিরে যাও। তোমরাই দেশের ভবিষ্যৎ। কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।




