আটবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা লিওনেল মেসিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে অবসরের গুঞ্জন। মেটলাইফ স্টেডিয়ামে আসন্ন ফাইনাল ম্যাচের আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর্জেন্টিনার পতাকা জড়িয়ে থাকা একটি ছবিসহ আবেগঘন বার্তা পোস্ট করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার এই বার্তাটি অনেকের কাছেই জাতীয় দলের জার্সি তুলে রাখার ইঙ্গিত হিসেবে মনে হচ্ছে।
পোস্টে মেসি লিখেছেন, ‘এতগুলো বছরের সেরা প্রাপ্তি শুধু শিরোপাই ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল দারুণ। এই দলের সাথে প্রতিটি দিন কাটানো, একসাথে লড়াই করা, কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানো ও প্রতিটি পদক্ষেপ উপভোগ করাটাই ছিল আসল।’ তিনি আরও যোগ করেন, ‘প্রত্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং এই দলটাকে একটা পরিবার করে রাখতে যারা প্রতিদিন কাজ করেছেন, তাদের ধন্যবাদ। আগামীকাল যাই হোক, এই দলটা ইতোমধ্যে গল্প লিখেছে। যা আমরা কখনো ভুলব না ও কেউ তা মুছে ফেলতে পারবে না। এগিয়ে যাও আর্জেন্টিনা!’
যদিও মেসি কোথাও সরাসরি অবসর বা বিদায়ের কথা উল্লেখ করেননি, তবুও তার বয়স ও বর্তমান অবস্থানের পরিপ্রেক্ষিতে ভক্তদের মাঝে এমন ধারণার জন্ম নিয়েছে। বিশ্বকাপের আগে থেকেই মেসির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছে। অনেকেই মনে করেন, ২০২৬ বিশ্বকাপই হতে পারে তার শেষ বড় মঞ্চ। যদি তা সত্যি হয়, তবে এই আবেগঘন পোস্টটি সেই দীর্ঘ যাত্রার সমাপ্তি সূচক হিসেবে গণ্য হতে পারে।
ফাইনালের পর এই পোস্টটি কেবল একটি অনুভূতির প্রকাশ হয়ে থাকবে নাকি এটি সত্যিই ক্যারিয়ারের অন্যতম সেরা অধ্যায়ের সমাপ্তির পূর্বাভাস, তা নিয়ে ফুটবল বিশ্বে চলছে জোর আলোচনা। তবে অতীতে মেসিকে নিয়ে এমন তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছানোর ঘটনাও ঘটেছে। চার বছর আগে কাতার বিশ্বকাপে ৩৫ বছর বয়সী মেসি যখন শিরোপা জিতেছিলেন, তখনও অনেকে ভেবেছিলেন সেটিই হয়তো তার শেষ। কিন্তু এরপরও তিনি যেভাবে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন, তাতে এখনই মেসির ‘শেষ’ নিয়ে নিশ্চিত হওয়ার সুযোগ কম।
অবশ্য মেসির ‘শেষ’ টেনে দেয়ার দুঃসাহস কিংবা বোকামি এখন আর করতে চান না অনেকে। শিক্ষা তো আর কম হয়নি অতীতে! চার বছর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ঘুচিয়েছিল ৩৬ বছরের ধরা।





