পাবনার ঈশ্বরদীতে চিকিৎসা সরঞ্জাম তৈরির নতুন কারখানার যাত্রা শুরু

প্রকাশ:

পাবনার ঈশ্বরদীর অরণকোলা এলাকায় তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান ‘মেগাসান’ ও ‘মেগাসান বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে গড়ে ওঠা ‘মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড’ কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ফলক উন্মোচন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শুরু হলে আমদানির ওপর নির্ভরতা কমবে। এর ফলে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবা খাত আরও শক্তিশালী ও আধুনিক হয়ে উঠবে।

কারখানাটিতে প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং ২০২৯ সালের মধ্যে এই বিনিয়োগ ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেগাসান বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদুল হাসান। অনুষ্ঠানে মেগাসান তুরস্কের ভাইস চেয়ারম্যান হায়রেত্তিন সিলেকতিন, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, অধ্যাপক কামরুল ইসলাম, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কবির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা এবং পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ খন্দকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, ২০০৭ সাল থেকে মেগাসানের তৈরি জীবন রক্ষাকারী সরঞ্জাম বাংলাদেশে ব্যবহৃত হয়ে আসছে এবং ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠানটি এখানে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করছে। নতুন এই কারখানায় মেডিক্যাল গ্যাস সরবরাহ ও পাইপলাইন ব্যবস্থা, অক্সিজেন ও ভ্যাকুয়াম প্ল্যান্ট, বেড হেড প্যানেল, পেন্ডেন্ট সিস্টেম এবং আধুনিক পর্যবেক্ষণ ও সতর্কীকরণ ব্যবস্থাসহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম তৈরি ও সংযোজন করা হবে।

ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নাজমুল হাসান জানান, চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান ও আন্তর্জাতিক মান বজায় রাখাকে তারা অগ্রাধিকার দিচ্ছেন। স্থানীয় প্রকৌশলীদের দক্ষতা বাড়াতে তুরস্কে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। ভবিষ্যতে অধিকাংশ যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে বিশ্ববাজারে এসব প্রযুক্তিপণ্য রপ্তানির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

শেয়ার করুন