দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৩টি শিশু আক্রান্ত হয়েছে। তবে প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।
১৫ মার্চ থেকে রবিবার (৯ আগস্ট) পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের ব্যবধানে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৮ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট ৮৭৩ শিশুর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যানুযায়ী, ৭৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং ৯৮৮ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে ৯৩৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৯৪২ শিশু চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৭ হাজার ১১৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মোট ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ লাখ ১৪ হাজার ১৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।





