দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ এবং নিশ্চিত হাম মিলিয়ে মোট ১ হাজার ১০৬ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ জন। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৪১ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা যায়, এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৫৯ শিশু এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৯৪৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬ হাজার ৫৬৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৭৯১ জন।
সংক্রমণের এই সময়ে মোট ৮৯ হাজার ৭৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, তাদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।





