দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭৮০ জন

প্রকাশ:

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে ১৪০ জন শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৮৭৩ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছে ৬৮৫ শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৫ শিশুর। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৮০ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১৪ হাজার ২৪৪ জন। এই সময়ে মোট ৯৮ হাজার ৬০০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে চিকিৎসা শেষে ৯৫ হাজার ৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।

শেয়ার করুন