হাম ও উপসর্গে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫০ জন

প্রকাশ:

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সংখ্যাসহ চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৭৫০ জন শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে।

প্রতিবেদনের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৫৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিকিৎসা সংক্রান্ত তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২৬ জনে। একই সময়ে আরও ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যা নিয়ে উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, উল্লেখিত সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯২ হাজার ৮৩২ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৮৯ হাজার ২৩৪ জন।

শেয়ার করুন