জ্বালানি ও বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

প্রকাশ:

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফোনালাপে দুই দেশের মধ্যে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বর্তমানে বাংলাদেশে চলমান গ্যাস সংকটের প্রেক্ষাপটে, জরুরি ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের জন্য মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস-এর সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া আলোচনায় দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে টেলিকমিউনিকেশন খাতের বড় প্রতিষ্ঠান ‘আক্সিয়াটা’-এর চলমান বিনিয়োগের অগ্রগতি এবং ‘এমএমসি পোর্ট’-এর সাথে সম্ভাব্য কৌশলগত সহযোগিতার বিষয়গুলো নিয়ে দুই নেতা মতবিনিময় করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, পারস্পরিক শ্রদ্ধা, বাস্তবভিত্তিক সহযোগিতা এবং উভয় দেশের জনগণের সুফল নিশ্চিত করার নীতির ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন