মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদান: সম্ভাবনা, ঝুঁকি ও করণীয়

প্রকাশ:

২০২৬ সালের ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মূলনীতি হলো—কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র আক্রমণ হলে তা সব সদস্যের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। বাংলাদেশ সরকার এই জোটে যোগদানের আমন্ত্রণ ইতিবাচকভাবে বিবেচনা করলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। নতুন সদস্যের সামরিক, আর্থিক ও রাজনৈতিক দায়বদ্ধতার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। এটি কেবল মুসলিম দেশগুলোর সহযোগিতামূলক সংগঠন নয়, বরং পারস্পরিক প্রতিরক্ষার অঙ্গীকার সংবলিত একটি সামরিক ব্যবস্থা। তাই ধর্মীয় আবেগ বা কোনো রাষ্ট্রের প্রতি অনুরাগ নয়, বরং বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা, অর্থনীতি ও দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থই হওয়া উচিত সিদ্ধান্তের মূল ভিত্তি।

প্রতিষ্ঠাতা তিনটি দেশের সক্ষমতা একে অপরের পরিপূরক। তুরস্কের আধুনিক সশস্ত্র বাহিনী ও ড্রোন প্রযুক্তি, পাকিস্তানের পারমাণবিক শক্তি ও সন্ত্রাসবিরোধী যুদ্ধের অভিজ্ঞতা এবং সৌদি আরবের বিপুল অর্থনৈতিক সক্ষমতা ও রাজনৈতিক প্রভাব এই জোটের মূল শক্তি। তবে চুক্তিতে কোনো সদস্য আক্রান্ত হলে অন্যরা ঠিক কী ধরনের সহায়তা দেবে—সেনা পাঠানো, অস্ত্র সরবরাহ নাকি কেবল রাজনৈতিক সমর্থন—তা এখনো অস্পষ্ট। এমনকি পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা অন্য সদস্যদের জন্য পারমাণবিক নিরাপত্তার ছাতা তৈরি করবে কি না, তারও কোনো প্রকাশ্য অঙ্গীকার নেই।

বাংলাদেশের জন্য এই জোটে যোগদানের সম্ভাব্য ইতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। বহিঃশক্তির সামরিক চাপ মোকাবেলায় তিনটি গুরুত্বপূর্ণ দেশের সমর্থন বাংলাদেশের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে পারে। এছাড়া তুরস্ক থেকে ড্রোন, যুদ্ধজাহাজ ও প্রতিরক্ষা প্রযুক্তি পাওয়ার সুযোগ এবং পাকিস্তানের সাথে প্রশিক্ষণ ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। সৌদি আরবের সাথে প্রতিরক্ষা সম্পর্ক গভীর হলে জ্বালানি, বিনিয়োগ ও শ্রমবাজারের ক্ষেত্রেও বাংলাদেশ বাড়তি সুবিধা চাইতে পারে। এছাড়া মুসলিম বিশ্বের নিরাপত্তা আলোচনায় বাংলাদেশের কণ্ঠস্বর শক্তিশালী হওয়া এবং বঙ্গোপসাগরের নিরাপত্তায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি বিনিময়ের সুযোগও এর অন্তর্ভুক্ত।

তবে এই জোটে যোগদানের ঝুঁকিও অনেক। সবচেয়ে বড় ঝুঁকি হলো বাংলাদেশের সাথে সম্পর্কহীন কোনো যুদ্ধে জড়িয়ে পড়া। সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগ উপসাগরীয় অঞ্চল ও ইয়েমেন ঘিরে, তুরস্কের সিরিয়া ও ককেসাস নিয়ে এবং পাকিস্তানের প্রধান উদ্বেগ ভারত ও আফগান সীমান্ত নিয়ে। এসব সঙ্ঘাত বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া জোটে যোগদান বাংলাদেশের জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতিকে সঙ্কুচিত করতে পারে। চীন, যুক্তরাষ্ট্র, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ অংশীদারদের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ভারতের সাথে সম্পর্কের প্রভাব, মিয়ানমার সীমান্ত বা রোহিঙ্গা সংকট নিরসনে জোটের কার্যকর ভূমিকার অনিশ্চয়তা এবং বিশাল আর্থিক দায়ভারও বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ। এছাড়া জোটটি ইরানবিরোধী বলয় হিসেবে বিবেচিত হলে বাংলাদেশ অপ্রয়োজনীয় শিয়া-সুন্নি মেরুকরণে জড়িয়ে পড়তে পারে।

বাংলাদেশের উচিত তাড়াহুড়ো না করে চুক্তির পূর্ণাঙ্গ পাঠ সংগ্রহ করে পর্যালোচনা করা। বিশেষ করে সামরিক অংশগ্রহণ বাধ্যতামূলক কি না, জাতীয় স্বার্থ অনুযায়ী প্রতিক্রিয়ার ধরন নির্ধারণের স্বাধীনতা থাকবে কি না এবং পারমাণবিক প্রতিরোধের নিশ্চয়তা আছে কি না, তা জানা জরুরি। জাতীয় সংসদ, সশস্ত্রবাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে এর প্রভাব পর্যালোচনা করা প্রয়োজন। আপাতত পূর্ণ সদস্য হওয়ার পরিবর্তে পর্যবেক্ষক বা সংলাপ-অংশীদার হিসেবে থাকা এবং সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলার মতো নির্দিষ্ট খাতে সীমিত সহযোগিতা শুরু করা বেশি নিরাপদ হতে পারে। ভবিষ্যতে যদি বাংলাদেশ জোটে যোগ দেয়, তবে দেশের বাইরে যুদ্ধে অংশগ্রহণ সুনির্দিষ্ট প্রক্রিয়ায় হওয়া, জাতীয় সংসদের অনুমোদন ছাড়া সেনা মোতায়েন না করা এবং বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসনে সদস্যদের সহায়তার সুস্পষ্ট নিশ্চয়তা থাকা অপরিহার্য। সবশেষে, সিদ্ধান্তের নীতি হওয়া উচিত—সবার সাথে বন্ধুত্ব, কিন্তু বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সবার আগে।

শেয়ার করুন