দুর্নীতি ও অনুপস্থিতির দায়ে পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশ:

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ঘুস নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মতো গুরুতর অভিযোগে পুলিশের সাত কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্চিত কুমার রায়, যিনি ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এছাড়া ডিএমপির সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে, রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পদোন্নতিপ্রাপ্ত) হাফিজ আল ফারুক ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কর্মস্থলে অনুপস্থিতির কারণে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

একইসাথে, নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এক ব্যক্তিকে এসআই পদে চাকরি দেওয়ার শর্তে ১৭ লাখ টাকা দাবি করার এবং ভুক্তভোগীর অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল। ভুক্তভোগী ব্যক্তি চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তদন্তে তার অপরাধ প্রমাণিত হয়।

এছাড়া নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করায় আরও দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার মো. রাশেদুল ইসলাম, যিনি ২০২৫ সালের ৯ মার্চ থেকে অনুপস্থিত ছিলেন এবং পুলিশ স্টাফ কলেজের এএসপি মো. হাবিবুল্লাহ, যিনি ২০২৫ সালের ২২ জানুয়ারি ছুটি নিয়ে কর্মস্থলে আর যোগ দেননি।

শেয়ার করুন