স্বাধীনতার পর থেকে এই প্রথম দুর্গাপূজায় সর্বোচ্চ পরিমাণে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলার তামাকান্দা গ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বিএনপিকে একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও অসাম্প্রদায়িক চেতনার অনুসারী। তার নেতৃত্বে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, বিএনপি সরকার সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভা শেষে মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাব উপজেলার মোট ৮০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদানের অর্থ তুলে দেন।





