নড়াইলে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে তিন শিক্ষক আটক

প্রকাশ:

নড়াইলের সদর উপজেলার আউড়িয়া গ্রামের মারকাযুল কোরআন মাদ্রাসার আবাসিক ছাত্র সৈয়দ সুলায়মান ইসলামকে (১২) পিটিয়ে হত্যার অভিযোগে তিন শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে পুলিশ ওই তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। আটককৃতরা হলেন শিক্ষক ইউসুফ হায়দার, আসিফুর রহমান এবং পাহাদ শেখ। সৈয়দ সুলায়মান ইসলাম সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সৈয়দ ইকরাম আলীর ছেলে।

নিহত ছাত্রের বাবা সৈয়দ ইকরামুল অভিযোগ করে বলেন, বুধবার সকালে মাদ্রাসার পক্ষ থেকে তাদের জানানো হয় যে সুলায়মান অসুস্থ। খবর পেয়ে তারা মাদ্রাসায় গিয়ে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে সুলায়মান মারা যায়। তার বাবার দাবি, শিক্ষকের মারপিটের কারণেই সে অসুস্থ হয়ে মারা গেছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মারকাযুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুস সায়াদাৎ আল মামুন। তিনি দাবি করেন, মাদ্রাসার কোনো শিক্ষক সুলায়মানকে কোনো প্রকার নির্যাতন করেননি। অধ্যক্ষ আরও বলেন, ডাক্তারি পরীক্ষায় নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে এবং কোনো শিক্ষক জড়িত থাকলে তারা আইন অনুযায়ী যে কোনো শাস্তি মেনে নেবেন।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার তিন শিক্ষককে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন বা ডাক্তারি প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন