মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের নিয়ে জাতীয় ডাটাবেজ তৈরি হবে

প্রকাশ:

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে সারা দেশের উদ্যোক্তাদের সমন্বিত তালিকা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পরিচালক ও কর্মকর্তাদের সাথে এক ভার্চুয়াল সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বিভাগীয় পরিচালক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে খামারি এবং সংশ্লিষ্ট উদ্যোক্তাদের নিয়ে একটি জাতীয় ডাটাবেজ তৈরি করা হবে। এই ডাটাবেজ তৈরির মাধ্যমে খামারিদের তথ্য সংগ্রহ করে তাদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি কর্মকর্তাদের এই তালিকা দ্রুত ও আন্তরিকতার সাথে প্রস্তুত করার নির্দেশনা দিয়েছেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিক্ষিত তরুণরা বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনায় এগিয়ে এলে উৎপাদনশীলতা বাড়বে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের খাদ্য নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষিত উদ্যোক্তারা পরিকল্পিতভাবে খামার পরিচালনা করেন এবং সার ও খাদ্যের সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে লাভজনকতা বাড়াতে সক্ষম হন। অন্যদিকে, অপরিকল্পিতভাবে উপকরণ ব্যবহার করলে খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকেন।

তালিকা প্রণয়নের পরবর্তী ধাপ হিসেবে বিভাগভিত্তিক ধারাবাহিক মতবিনিময় সভার পরিকল্পনা রয়েছে সরকারের। এসব সভায় খামারিদের সমস্যা, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে সরাসরি মতামত নেওয়া হবে, যা ভবিষ্যতে বাস্তবসম্মত নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণে সহায়ক হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার এই খাতের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নেই সরকার মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন