১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চামড়া শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান শিল্প উপদেষ্টার

প্রকাশ:

দেশের চামড়া ও চামড়াজাত পণ্যকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব ও উচ্চমূল্য সংযোজিত পণ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে তেজগাঁওস্থ বিসিক ভবনে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়ার অবস্থান সুদৃঢ় করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। তিনি ঐতিহ্যবাহী কুটির শিল্পের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, বয়ন, রং করা, জুতা তৈরি ও কারুশিল্পের মতো ঐতিহ্যগুলো গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছে। এসব ঐতিহ্যকে আধুনিক উদ্ভাবনের সঙ্গে যুক্ত করে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান বাড়ানোর সুযোগ রয়েছে। বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়ার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি উল্লেখ করে তিনি মানসম্মত উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিসিক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ জানান, চামড়া শিল্পের উন্নয়ন এবং উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিসিক নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের পাশাপাশি হাজারীবাগের ঐতিহ্যবাহী উদ্যোক্তা এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ‘বাটা’ অংশ নিয়েছে।

তেজগাঁওস্থ বিসিক ভবনে আয়োজিত এই মেলা ১৬ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল থেকে দর্শনার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় মোট ৪৯টি স্টল রয়েছে, যার মধ্যে ৪৩টি স্টলে চামড়া ও চামড়াজাত পণ্য এবং ৫টি স্টলে খাদ্য ও খাদ্যজাত পণ্যের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।

শেয়ার করুন