দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আরও দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী কৃষি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দুল্যাতলী ইউনিয়ন ও এর আশপাশের দুর্গম পাহাড়ি অঞ্চলের ২০ জন প্রান্তিক কৃষকের অংশগ্রহণে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন দুল্যাতলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন এবং দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণে মোট ২ জন প্রশিক্ষক কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করবেন।
দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে পাহাড়ি এলাকার বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি, ফসল উৎপাদন এবং কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের উৎসাহিত করতে সনদপত্রসহ বিভিন্ন কৃষি উপকরণ, সার ও বীজ বিতরণ করা হবে। দুর্গম পাহাড়ের প্রতিকূলতার মধ্যেও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা প্রান্তিক চাষীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্বাবলম্বী হয়ে উঠতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।





