৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন নিয়ে এনসিপির উদ্বেগ ও নির্বাচন কমিশনের সমালোচনা

প্রকাশ:

নির্বাচন কমিশন (ইসি) এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মধ্যকার পরস্পরবিরোধী মন্তব্যের পরিপ্রেক্ষিতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন কমিশনের স্বাধীনতাহীন ও নতজানু ভূমিকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ স্থানীয় সরকার নির্বাচনের সাতটি ধাপের সম্ভাব্য তারিখ ঘোষণার পরপরই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন যে, এ বিষয়ে সরকার কিছুই জানে না এবং সরকারের সঙ্গে কোনো আলোচনাও হয়নি। পরবর্তীতে ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমে প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘শিরোধার্য’ বলে মন্তব্য করেন এবং এ বিষয়ে কোনো পাল্টা কথা বলার ধৃষ্টতা দেখাবেন না বলে জানান। এনসিপি নেতারা একে নির্বাচন কমিশনের চরম মেরুদণ্ডহীনতা ও পরাধীনতার বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির নিজস্ব সিদ্ধান্ত থাকার কথা থাকলেও, প্রতিমন্ত্রীর বক্তব্যকে মেনে নেওয়ার মাধ্যমে কমিশন নিজেদের সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে। তাদের মতে, সরকারের চাপে পড়ে কমিশনের এমন খামখেয়ালিপনা নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম গ্যারান্টিকেও ধ্বংস করছে। বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বদলে দলীয়করণের দিকে মনোযোগ দিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এনসিপি নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, সরকার তাদের দলীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিকে কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় আজ্ঞাবহ করার অপচেষ্টা চালাচ্ছে। এটি ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতার লালসারই স্পষ্ট বহিঃপ্রকাশ বলে তারা মন্তব্য করেন।

দলটি অবিলম্বে নির্বাচন কমিশনকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, নির্বাহী বিভাগের অবৈধ প্রভাব বিস্তার ও অগণতান্ত্রিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়ে এনসিপি হুঁশিয়ারি দেয় যে, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন গণতান্ত্রিক যাত্রায় জনগণ কোনো মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন মেনে নেবে না। সরকার যদি প্রতিষ্ঠানগুলোকে নিজের ইচ্ছামতো পরিচালনা করতে অগণতান্ত্রিক পথে হাঁটে, তবে এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে বলে ঘোষণা দিয়েছে।

শেয়ার করুন