কুয়াকাটা বা পটুয়াখালীতে বিমানবন্দর নির্মাণের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুর

প্রকাশ:

কুয়াকাটা অথবা পটুয়াখালীতে একটি বিমানবন্দর নির্মাণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে এক সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী মন্তব্য করেন, সেখানে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা গেলে স্থানীয় মানুষের যাতায়াতের ক্ষেত্রে বড় ধরনের সুবিধা তৈরি হবে।

দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রবাসীদের জন্য কিছু করার চেষ্টা করছেন উল্লেখ করে নুর বলেন, দেশের ১৮ কোটি মানুষের সবার কর্মসংস্থান করা সম্ভব নয়। তাই বৈদেশিক কর্মসংস্থানের বাজার কীভাবে আরও সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে কাজ চলছে। তিনি আরও জানান, প্রবাসীদের কেবল নিচু স্তরের কাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁদের যাতে উচ্চ পর্যায়েও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের একই পদে দীর্ঘদিন থাকার সমালোচনা করেন। তিনি বলেন, দীর্ঘ সময় একই জায়গায় থাকলে অনেক ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি হয়। অনেকে তদবির করে পাঁচ থেকে সাত বছর একই স্থানে থেকে যান। তাঁর মতে, একজন কর্মকর্তাকে তিন বছরের বেশি একই পদে রাখা উচিত নয়।

দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, দেশ থেকে রাতারাতি এগুলো দূর করা সম্ভব নয়। দীর্ঘদিনের চর্চার কারণে ধীরে ধীরে এগুলো কমিয়ে আনতে হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুর গত ১৭ বছরের শাসনব্যবস্থা নিয়ে সমালোচনা করে বলেন, দেশে একদলীয় শাসনব্যবস্থা ছিল। নির্বাচনব্যবস্থার পরিবর্তনের জন্য বাংলাদেশে প্রতি পাঁচ বছর পরপর আন্দোলন করতে হয়েছে। এসব আন্দোলনে জ্বালাও-পোড়াওয়ের ঘটনাও ঘটেছে, যার ক্ষতি শেষ পর্যন্ত দেশেরই হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মুর্তজা সাইফুল জাকির। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম, ব্যবসায়ী অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত মিন্টু, সাংবাদিক ফোরকান আহমেদ ও সাইফুল ইসলাম উজ্জ্বল এবং গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ হোসেন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন