ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হওয়ার ঠিক একদিন পরই মির্জা গালিব স্ট্রিটের নয়টি গেস্টহাউস এবং চারটি রেস্তোরাঁকে অগ্নিনিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে নোটিশ দিয়েছে রাজ্যের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগ। ভারতীয় বার্তাসংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার এই নোটিশ প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে যে, কেন ফায়ার অ্যাক্টের ৩৭এ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে বন্ধের নির্দেশ জারি করা হবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগেও এসব প্রতিষ্ঠানকে একাধিকবার নোটিশ দিয়ে অগ্নিনিরাপত্তার ঘাটতি পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো বাস্তবায়িত হয়নি। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের মহাপরিচালক অনুজ শর্মা জানান, প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে। বারবার সতর্ক করার পরও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় সেখানে মানুষের জীবন ও সম্পদের জন্য তাৎক্ষণিক ঝুঁকি তৈরি হয়েছে।
উল্লেখ্য যে, বুধবার ভোরে মির্জা গালিব স্ট্রিটের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই নারী ও চার বছরের এক শিশুসহ নয়জনের মৃত্যু হয়। ভবনটিতে একাধিক হোটেল ও গেস্টহাউস ছিল। ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, বেশিরভাগ নিহতের শরীরে পোড়ার চিহ্ন ছিল না, বরং ধোঁয়ায় শ্বাসরোধ ও অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।
কর্মকর্তাদের ভাষ্যমতে, একটি হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ঘন কালো ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে বাসিন্দারা দিকভ্রান্ত হয়ে আটকা পড়েন। প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, এলাকাটির অনেক প্রতিষ্ঠান ভাড়া করা ভবনে পরিচালিত হয় এবং জরুরি পরিস্থিতিতে বের হওয়ার পথ অত্যন্ত সরু। ফায়ার বিভাগ আরও জানিয়েছে, বুধবার যে ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে, সেটির ক্ষেত্রে কোনো সংস্থারই প্রয়োজনীয় ছাড়পত্র ছিল না। বর্তমানে আগুনের কারণ ও ভবনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত চলছে।





