সাফের সভাপতি হিসেবে টানা পঞ্চমবার নির্বাচিত কাজী সালাহউদ্দিন

প্রকাশ:

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে আবারও দায়িত্ব পেলেন কাজী সালাহউদ্দিন। শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফের কংগ্রেসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদের মতো সভাপতির পদেও কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, ফলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক এই সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দক্ষিণ এশিয়ার ফুটবলের অভিভাবক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, যদি কোনো পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা শূন্যপদের চেয়ে বেশি না হয়, তবে সংশ্লিষ্ট প্রার্থীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত বলে গণ্য হন। সেই নিয়ম অনুযায়ীই কাজী সালাহউদ্দিন পঞ্চমবারের মতো এই দায়িত্ব গ্রহণ করলেন। তিনি ২০০৯ সাল থেকে সাফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে বয়সের কোনো বাধা ছিল না। আগে সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের ঊর্ধ্বের কারো নির্বাহী কমিটির পদে প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। তবে গত বছর কলম্বোতে অনুষ্ঠিত সাফের বিশেষ সাধারণ সভায় এই বয়সের সীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল।

নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব বেড়েছে। বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো সাফের এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মালদ্বীপের হুসাইন শাফিউ দায়িত্ব পেয়েছেন।

শেয়ার করুন