কিশোরগঞ্জের কটিয়াদীতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে জামায়াতে ইসলামী। সংগঠনটির উদ্যোগে পুলেরঘাট থেকে বনগ্রাম বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ সড়কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ সংস্কার করা হয়েছে। এই সংস্কার কাজে আর্থিক সহায়তা প্রদান করেছেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান।
দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় স্থানীয়দের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সড়কের এই বেহাল দশার কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতো, যা নিয়ে এলাকাবাসী উদ্বিগ্ন ছিলেন। জামায়াতের এই উদ্যোগের ফলে সড়কটি বর্তমানে চলাচলের উপযোগী হয়ে ওঠায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
সংস্কার কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমির সাইদুল হক বিএসসি, উপজেলা জামায়াতের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, সাবেক এমপি মেজর (অব.) মো. আখতারুজ্জামানের কনিষ্ঠ ছেলে মোহাম্মদ সাব্বির জামান রনি, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু ঈসা, সেক্রেটারি জুনায়েদ মাস্টার, সহকারী সেক্রেটারি উবাইদুল্লাহ হাদীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
পুলেরঘাট-বনগ্রাম বাজার সড়কটি এই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। এলাকাবাসী জানান, জামায়াতের এই সাময়িক সংস্কারের ফলে আপাতত চলাচলের সমস্যা দূর হয়েছে। তবে তারা সড়কটির স্থায়ী ও টেকসই উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।





