জয়া বর্মণ ও সমরজিতের দ্বৈত কণ্ঠে এলো ‘মনঘুড়ি’

প্রকাশ:

দীর্ঘ অপেক্ষার পর ফ্রান্স প্রবাসী কণ্ঠশিল্পী জয়া বর্মণ নিজের প্রথম মৌলিক গান ‘মনঘুড়ি’ নিয়ে শ্রোতাদের সামনে এলেন। এই রোমান্টিক বাংলা আধুনিক গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সমরজিৎ রায়। গত ৫ সেপ্টেম্বর গানটি বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে।

গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়, আর সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায় নিজেই। সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাশাপাশি অ্যাপেল মিউজিক, স্পোটিফাইসহ অন্যান্য প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাচ্ছে। গানটির মিউজিক ভিডিওর কাজও এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

নিজের প্রথম মৌলিক গান প্রকাশ হওয়ায় উচ্ছ্বসিত জয়া বর্মণ বলেন, ‘গানটি খুব মিষ্টি এবং আমার ভারি পছন্দের। ঠিক এমন একটি গান ও কম্পোজিশনের অপেক্ষায় ছিলাম এত দিন। সমরজিৎ দা অসাধারণ কম্পোজিশন করেছেন, পাশাপাশি সঞ্জয়দা খুব ভালো লিরিক লিখেছেন। সব মিলিয়ে গানটি আমাদের সবার খুব প্রিয়। আমরা গানটি নিয়ে অনেক আশাবাদী এবং আশা করি শ্রোতাদেরও খুব ভালো লাগবে।’

সংগীতশিল্পী সমরজিৎ রায়ও গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ভীষণ মিষ্টি কথা ও সুরের রোমান্টিক দ্বৈত কণ্ঠের এই গানটি আশা করছি সবারই অনেক পছন্দ হবে।’

উল্লেখ্য, লোকসংগীতে তার ভূমিকার জন্য সাম্প্রতিক সময়ে জয়া বর্মণ দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে তিনি গান ও মিউজিক ভিডিওর রেকর্ডিংয়ের পাশাপাশি মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’, বাংলা ভিশনের ‘দিন প্রতিদিন’ ও চ্যানেল ওয়ানের ‘বিনোদন আড্ডা’সহ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেছেন।

শেয়ার করুন