দীর্ঘদিন বিরতির পর জনপ্রিয় হাঙ্গার গেমস ফ্র্যাঞ্চাইজিতে আবারও ফিরছেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। সিনেমাটির নতুন কিস্তি ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ আগামী ২০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এটি মূল সিরিজের ধারাবাহিক গল্প নয়, বরং একটি প্রিক্যুয়েল। মূল কাহিনির ২৪ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় ১৬ বছর বয়সী হেইমিচ অ্যাবারনেথির ৫০তম হাঙ্গার গেমসে অংশ নেওয়ার ঘটনা তুলে ধরা হবে। তরুণ হেইমিচের চরিত্রে অভিনয় করছেন জোসেফ জাডা এবং প্রেসিডেন্ট স্নো চরিত্রে থাকছেন র্যালফ ফাইনস।
সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে উপস্থাপক অ্যালেক্স কুপারের সঙ্গে আলাপকালে কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন লরেন্স। তিনি জানান, পুরোনো সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে পুনর্মিলন তার কাছে অত্যন্ত আবেগপূর্ণ ছিল। বিশেষ করে উডি হ্যারেলসনের সঙ্গে মজার একটি স্মৃতি বর্ণনা করতে গিয়ে লরেন্স জানান, আমন্ত্রণ ছাড়াই উডি তার হোটেল কক্ষের জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়েছিলেন। পুরোনো দিনের সেই দুষ্টুমিতে ফিরে গিয়ে তিনি দারুণ উপভোগ করেছেন। এছাড়া আলাপচারিতায় অভিনেত্রী সিরিজের শুটিংয়ের পুরোনো স্মৃতিও রোমন্থন করেন।





