২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান থেকে নারীদের যে গতিশীল ভূমিকা শুরু হয়েছে, তা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি ও সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকা। বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত 'অদম্য জুলাই' স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুন্নিসা সিদ্দিকা বলেন, প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগকে অনুসরণ করছে বিএনপি, যা তাদের নিজেদের পতনকেই ত্বরান্বিত করছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, জুলাই আন্দোলনের স্পিরিট ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না।
ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, জুলাইয়ের সঠিক ইতিহাস সংরক্ষণে এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে এই স্মারক প্রকাশ করা হয়েছে। ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের এটিই প্রথম স্মারক প্রকাশনা। ইতিহাস বিকৃতি রোধ এবং আন্দোলনের স্মৃতি সংরক্ষণকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং পরবর্তীতে জুলাইকেন্দ্রিক আরও কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি (এমপি) জুলাই সনদের অপরিহার্যতা তুলে ধরে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। মূল স্পিরিট প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণের অধিকার অপূর্ণই থেকে যাবে। সংসদ সদস্য মারজিয়া বেগম স্মারক প্রকাশের সাফল্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সংসদ সদস্য নাজমুন নাহার নীলু বলেন, জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের স্বপ্নের কাছে পৌঁছাতে হবে। ডা. মাহমুদা মিতু ইতিহাস সংরক্ষণের এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ডাকসু নেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর নাঈমা মোয়াজ্জেম।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত হয় এবং সম্পাদকীয় পরিষদের পরিচিতি তুলে ধরেন আকলিমা ফেরদৌসী। অতিথিদের বক্তব্য শেষে স্মারকের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন, ফটোসেশন ও শুভেচ্ছা কপি প্রদান করা হয়। পরবর্তীতে শিশুদের ওপর সংঘটিত গণহত্যার ওপর তৈরি আরেকটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত হয়। স্মারক গ্রন্থটি নিয়ে লেখক মাসুমা তাসনিম, সুমাইয়া সিদ্দিকা ও রেহানা সুলতানা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি আমেনা বেগম সবাইকে ধন্যবাদ জানান। উপস্থিত অনেকের মতে, 'অদম্য জুলাই' স্মারকটি জুলাই পরবর্তী সময়ে একটি মাইলফলক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।





