৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত ও গ্রাহক ফোরামের সদস্যদের সংঘর্ষ

প্রকাশ:

রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সোমবার সকালে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী এবং ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে গ্রাহক ফোরাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাকরি ফিরে পাওয়ার দাবিতে এদিন সকাল থেকেই ব্যাংক টাওয়ারের পশ্চিম দিকে অবস্থান নেন চাকরিচ্যুতরা। একই সময়ে সড়কের অপর পাশে অবস্থান করছিলেন জামায়াতপন্থি গ্রাহকদের সংগঠন ‘সচেতন গ্রাহক ফোরাম’র সদস্যরা, যারা গত মে মাস থেকে ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবিতে কর্মসূচি পালন করে আসছেন। পুলিশের উপস্থিতিতেই এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের পর চাকরিচ্যুতরা সেখান থেকে সরে যান এবং গ্রাহক ফোরামের সদস্যরা বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে অবস্থান নেন।

পুলিশের মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী দুপুর পৌনে ১টার দিকে পরিস্থিতি শান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনার পর পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের বিষয়ে চাকরিচ্যুতদের একজন শহীদুল ইসলাম বলেন, “আমরা চাকরি ফেরত চেয়ে আন্দোলন করছি। আমাদেরকে এস আলমের দালাল বলা হচ্ছে, আমরা কারো দালাল না। আমাদের উপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে এবং ব্যাংক টাওয়ারের সামনে থাকতে দেওয়া হচ্ছে না।”

অন্যদিকে, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক অভিযোগ করেন, তাদের পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচিতে অবৈধ নিয়োগে চাকরিচ্যুত এস আলমের দোসররা হামলা চালিয়েছে। তিনি আরও দাবি করেন, পুলিশ এ সময় নিরপেক্ষ ভূমিকা পালন করেনি, বরং পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে। ফোরামের সদস্য সচিব মুতাছিম বিল্লাহসহ তাদের প্রায় ২৫ জন সদস্য আহত হয়েছেন বলেও তিনি জানিয়েছেন।

উল্লেখ্য যে, এর আগের দিন রোববারও ব্যাংক টাওয়ারের সামনে উভয় পক্ষ অবস্থান নিয়েছিল। তখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যস্থতায় দুই পক্ষ স্মারকলিপি দিয়ে ফিরে গিয়েছিল, তবে তখন থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছিল।

শেয়ার করুন