মার্কিন ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতে হামলার অধিকার আছে ইরানের

প্রকাশ:

মধ্যপ্রাচ্যের যে সমস্ত প্রতিবেশী দেশ মার্কিন সামরিক বাহিনীকে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের সুযোগ করে দিচ্ছে, সেসব দেশের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার পূর্ণ অধিকার ইরান রাখে বলে মনে করছে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে একজন রাজনৈতিক বিশ্লেষকের বরাতে এই তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, ইরান তাদের ওপর হওয়া যেকোনো মার্কিন হামলাকে কেবল যুক্তরাষ্ট্রের একক কাজ হিসেবে দেখছে না; বরং তারা মনে করছে এই হামলাগুলো প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহারের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। আর এই কারণেই তেহরান ওই রাষ্ট্রগুলোর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে বলে বিশ্বাস করে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘আমওয়াজ ডট মিডিয়া’-এর সম্পাদক মোহাম্মদ আলী শাবানি এ বিষয়ে বলেন, ইরান পুরো পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধ হিসেবে বিবেচনা করছে। ফলে যে দেশই ইরানের ওপর হামলার জন্য নিজেদের মাটি, আকাশসীমা বা সামরিক সুবিধা প্রদান করবে, ইরান তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা অব্যাহত রাখবে।

মোহাম্মদ আলী শাবানি আল জাজিরাকে আরও জানান, ভৌগোলিক নৈকট্যের কারণেই মূলত উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তিনি বলেন, আরব দেশগুলো মূলত ইরানের ওপর চাপিয়ে দেওয়া মার্কিন-ইসরায়েলি যুদ্ধের অবসান চায়। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ থেকেই উপসাগরীয় দেশগুলোর মধ্যে ইরানের সঙ্গে এক ধরনের কূটনৈতিক যোগাযোগ বা আলোচনার প্রেরণা কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন