সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানের আকস্মিক হামলা

প্রকাশ:

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সিরিয়ার আল-তানফ অঞ্চলে অবস্থিত মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টারে আকস্মিক হামলা চালানোর দাবি করেছে। শুক্রবার (১৭ জুলাই) সংগঠনটি জানায়, ইরানশাহর এলাকায় তাদের নিহত সেনাদের রক্তের প্রতিশোধ নিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত ‘অপারেশন নাসর-২’-এর ১৯ নম্বর বিবৃতিতে জানানো হয়, তাদের মহাকাশ বাহিনীর যোদ্ধারা ‘আবু আবদুল্লাহ আল-হুসেইন (আ.)’ কোড নামে এই অভিযানটি পরিচালনা করেছেন। বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীকে ‘শিশু হত্যাকারী’ হিসেবে অভিহিত করে বলা হয়েছে, ইরানশাহরের বাম্পুরে নিহত সেনাদের প্রতি উৎসর্গ করেই সিরিয়ার তানফ অঞ্চলে শত্রুর এই কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, এই হামলায় মার্কিন বাহিনীর একটি রাডার ব্যবস্থা এবং বেশ কয়েকটি বিশেষ অভিযান পরিচালনার কাজে ব্যবহৃত হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এছাড়া, ইরানশাহরে নিহত সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে বিপুলসংখ্যক মার্কিন সেনা এই হামলায় নিহত হয়েছে বলেও তারা দাবি করেছে।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ এখনও তাদের যোদ্ধাদের হাতে রয়েছে। মার্কিন নৃশংসতা বন্ধ না হওয়া পর্যন্ত এই অঞ্চল থেকে কোনো ধরনের তেল ও গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না বলে আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে।

শেয়ার করুন