জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশ:

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, জর্ডানে অবস্থিত আমেরিকান বাহিনীর কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিতে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের বিভিন্ন বার্তা সংস্থার মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে আগ্রাসনকারীদের শাস্তি হিসেবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে।

আইআরজিসির ভাষ্যমতে, এই হামলায় মার্কিন ঘাঁটিগুলোর প্রযুক্তিগত ও পুনর্গঠনমূলক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। এছাড়া শত্রুপক্ষের বিমান উড্ডয়ন স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করেছে। বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে শত্রুর চেষ্টা সফল হবে না এবং প্রতিটি আগ্রাসনের বিপরীতে আরও ভয়ংকর জবাব দেওয়া হবে।

এর আগে ৩০ আগস্ট, রোববার লারাক দ্বীপে আইআরজিসির দুটি রকেট লাঞ্চারে মার্কিন বাহিনী বোমা হামলা চালিয়েছিল। এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মাইনবাহী আমেরিকার দুটি জাহাজে হামলার প্রস্তুতিকালে ওই রকেট লাঞ্চারগুলোতে বোমাবর্ষণ করা হয়। মার্কিন বাহিনী বর্তমানে ওই এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং হরমুজ প্রণালিতে নৌযানের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার তথ্য অনুযায়ী, লারাক দ্বীপে মার্কিন হামলায় বেশ কয়েকজন যোদ্ধা ও বেসামরিক বাসিন্দা নিহত হয়েছেন। এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করে আইআরজিসি দায়ীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছিল, যার ধারাবাহিকতায় জর্ডানের ঘাঁটিতে এই পাল্টা হামলা চালানো হলো।

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৬: ০৩আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৬: ১৮

শেয়ার করুন