আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার উদ্বেগে ইরানে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও মন্ত্রিসভার বৈঠকে অত্যাধুনিক প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরসহ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। এর পরপরই হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত দুটি সূত্র জানিয়েছে, হামলা অব্যাহত রাখা হলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হতো। এতে উপসাগরীয় মিত্র দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি বাড়ার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং শরণার্থী সংকট তীব্র হওয়ার সম্ভাবনা ছিল।
এর আগে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করেছিলেন যে, ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালানো সম্ভব হলেও এতে সেন্ট্রাল কমান্ডের ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। যদিও তার মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার জেরে প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর রোববার নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি। উভয় পক্ষই এখন কূটনৈতিক আলোচনার ওপর গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। হোয়াইট হাউসের যোগাযোগ বিভাগের পরিচালক স্টিভেন চেং জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছেন। তবে ইরান যদি হরমুজ প্রণালি বা যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে কোনো ধরনের হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তবে জবাব দেওয়ার সব ধরনের বিকল্প খোলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।





