বিশ্বকাপের পর মেসির ফেরার ম্যাচে ইন্টার মায়ামির ড্র

প্রকাশ:

বিশ্বকাপের ব্যস্ততা শেষে ইন্টার মায়ামির জার্সিতে আবারও মাঠে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রিগো দি পল। ঘরের মাঠে কলম্বাস ক্রুর বিপক্ষে এই প্রত্যাবর্তনের ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে মায়ামি। এই ড্রয়ের ফলে চলতি মৌসুমে টানা সাত ম্যাচ অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রেখেছে দলটি।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে ইন্টার মায়ামি। ১৬তম মিনিটে উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ দূরপাল্লার এক দুর্দান্ত চিপ শটে দলকে এগিয়ে দেন। গোলরক্ষককে কিছুটা এগিয়ে থাকতে দেখে তিনি নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন। এটি চলতি মৌসুমে সুয়ারেজের দশম গোল এবং গত চার ম্যাচে তার সপ্তম গোল। এই গোলের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগের ইতিহাসে প্রথম তিন মৌসুমের প্রতিটিতে অন্তত ১০টি গোল ও ৫টি করে গোলে সহায়তার অনন্য মাইলফলক স্পর্শ করলেন।

৩৪তম মিনিটে কলম্বাস ক্রু ম্যাচে সমতা ফেরায়। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে আবারও লিড নেয় মায়ামি। রদ্রিগো দি পলের বাড়ানো দারুণ এক পাস থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে নিখুঁত ক্রস করেন সুয়ারেজ। সেই ক্রসে হেড করে লক্ষ্যভেদ করেন ক্লাবের একাডেমি থেকে উঠে আসা তরুণ খেলোয়াড় নোয়া অ্যালেন। চলতি মৌসুমে এটি অ্যালেনের প্রথম গোল এবং সুয়ারেজের ষষ্ঠ অ্যাসিস্ট।

দ্বিতীয়ার্ধে উভয় দলই সমানে সমান লড়াই চালিয়ে যায়। ম্যাচের ৮৪তম মিনিটে কলম্বাস ক্রু তাদের দ্বিতীয় গোলটি করে পুনরায় সমতায় ফেরে। শেষ দিকে মেসি গোল করার জন্য বেশ কয়েকবার চেষ্টা চালালেও সফল হননি। এই ম্যাচেই গ্রীষ্মকালীন দলবদলে মায়ামিতে যোগ দেওয়া ফ্রিসিও কাইসেদো লিগে প্রথমবারের মতো অভিষেক করেছেন। আগামী বুধবার লিগস কাপের প্রথম পর্বে ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচে আতলেতিকো দে সান লুইসকে আতিথ্য দেবে।

শেয়ার করুন