ইনফান্তিনোর ফোন কল ধরছেন না ট্রাম্প, বিপাকে ফিফা সভাপতি

প্রকাশ:

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চরম প্রশাসনিক ও রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন। নিজের চাকরি বাঁচাতে এবং নেতৃত্ব টিকিয়ে রাখতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আদায়ের মরিয়া চেষ্টা চালাচ্ছেন।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম নিউজ ডট কমের তথ্য অনুযায়ী, ইনফান্তিনো বারবার ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও মার্কিন প্রেসিডেন্ট কোনো সাড়া দিচ্ছেন না। ট্রাম্প বরং এই বিতর্কিত ইস্যু থেকে দূরত্ব বজায় রাখছেন এবং এতে কোনো ধরনের হস্তক্ষেপ করছেন না। শুধু ট্রাম্পই নন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও ইনফান্তিনোর যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, ফিফা সভাপতির সঙ্গে এমন কোনো বৈঠকের কথা ছিল না। এছাড়া ট্রাম্প নিজেও জানিয়েছেন, প্রস্তাবিত চুক্তি নিয়ে ফিফা সভাপতির সঙ্গে তার কোনো আলোচনা হয়নি।

ফিফা মূলত তাদের বিভিন্ন টুর্নামেন্টের প্রায় ২০ শতাংশ শেয়ার বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা করেছিল। এর জন্য একটি আলাদা প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল, যার মূল অংশীদার ছিল ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনারের প্রতিষ্ঠান 'থ্রাইভ ক্যাপিটাল'। তবে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন ইনফান্তিনো।

এই পরিকল্পনা মুখ থুবড়ে পড়ার পর ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনসহ বেশ কয়েকটি প্রভাবশালী ফুটবল সংস্থা ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ও বৈশ্বিক ফুটবলে ইনফান্তিনোর নেতৃত্ব এখন এক অনিশ্চিত চ্যালেঞ্জের মুখোমুখি।

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৪: ২৬আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৪: ২৮

শেয়ার করুন