ভারতের সঙ্গে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বাংলাদেশ। তবে কোনো দেশের সঙ্গেই জাতীয় স্বার্থের বিনিময়ে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারত সফরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, এই সফর নিয়ে কোনো তাড়াহুড়া নেই। আলোচনার ভিত্তিতে এবং জাতীয় স্বার্থের বিষয়টি নিশ্চিত হলে উপযুক্ত সময়েই ভারত সফর করা হবে। তিনি আরও বলেন, দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও আলোচনার ভিত্তি তৈরি করা প্রয়োজন। এটি কোনো খেলার বিষয় নয়, তাই প্রস্তুতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, ভারতের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব ও সদিচ্ছার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে—বিষয়টি ভারতও স্বীকার করেছে। এটিকে একটি ভালো সূচনা হিসেবে অভিহিত করে তিনি বলেন, আলোচনার ভিত্তিতে সামনের দিকে অগ্রগতি হয় কি না, তা এখন দেখার বিষয়।
পলাতক অপরাধীদের প্রত্যর্পণের বিষয়ে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাসহ ভারতে পালিয়ে থাকা অন্যান্য অপরাধীদের ফিরিয়ে আনা বাংলাদেশের মানুষের স্বাভাবিক দাবি ও অনুভূতির সঙ্গে সম্পৃক্ত। ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই প্রক্রিয়া চলমান। এটি নতুন কোনো শর্ত বা সম্পৃক্ততার বিষয় নয়। এই প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়েই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আমরা ভারতের সঙ্গে একটি কার্যকর ও ইতিবাচক সম্পর্ক চাই, কারণ তারা আমাদের প্রতিবেশী। তবে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই তা করতে হবে। কোনো দেশের সঙ্গেই জাতীয় স্বার্থের প্রশ্নে সরকার আপস করবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।





