মোদি সরকারের বিরুদ্ধে ভারতজুড়ে চলা আন্দোলনের জেরে সৃষ্ট উত্তেজনার মাঝে নতুন করে কর্মসূচির ঘোষণা দিয়েছে তরুণদের আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজিপি)। সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, যদি আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ বন্ধ করা না হয়, তবে আগামী মঙ্গলবার থেকে তারা পুনরায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিনের অবস্থান কর্মসূচি ‘সম্মানের খাতিরে’ স্থগিত করেছিল অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন এই আন্দোলন। কিন্তু সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন, সরকারের সাথে হওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।
আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জীতেন্দ্র সিংকে উদ্দেশ্য করে বলেন, আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশন না নেওয়ার যে চুক্তি হয়েছিল, তা পুরোপুরি লঙ্ঘন করা হয়েছে। তিনি জানান, বিহার ও বাংলা থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দিল্লির লজিস্টিক সহযোগিতাকারী স্বেচ্ছাসেবকদের আটক এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের ওপর নজরদারি ও হেনস্তার খবর পাওয়া যাচ্ছে।
সিজেপির পক্ষ থেকে অবিলম্বে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর প্রত্যাহার এবং শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, দিল্লি পুলিশসহ কেন্দ্র ও বিজেপির মিত্র রাজ্যগুলোর পুলিশ যেন নতুন করে কোনো মামলা দায়ের না করে, সেই নিশ্চয়তা চাওয়া হয়েছে। এছাড়া সরকারের সঙ্গে হওয়া লিখিত সমঝোতা এবং তা বাস্তবায়নের সময়সূচি মঙ্গলবারের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছেন তারা।





