ভারতে ১৪ রাজ্যে বড় অভিযান, গ্রেপ্তার ২৫৩ সন্দেহভাজন সন্ত্রাসী

প্রকাশ:

ভারতে বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযানে ১৪টি রাজ্য থেকে মোট ২৫৩ জন সন্দেহভাজন সন্ত্রাসী ও তাদের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, দেশের স্বাধীনতা দিবসের আগেই ভারতে সক্রিয় আইএসআই মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’কে সম্পূর্ণভাবে ধ্বংস করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে অমিত শাহ জানিয়েছেন, গত ১২ আগস্ট নিরাপত্তা বাহিনী অত্যন্ত সমন্বয়ের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। তিনি একে সন্ত্রাসবাদের প্রতি ভারতের ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।

অভিযান চলাকালে ভাট্টি নেটওয়ার্কের বিভিন্ন আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির চিহ্নযুক্ত গ্রেনেড, পিস্তল, কার্তুজ এবং গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাকিস্তান নিয়ন্ত্রিত এই চক্রটি ভারতজুড়ে গ্রেনেড, আইইডি ও পেট্রোল বোমা হামলা এবং বেছে বেছে নির্দিষ্ট ব্যক্তিদের হত্যার (টার্গেটেড কিলিং) মতো কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়া নেটওয়ার্কটি পুলিশ, প্রতিরক্ষা স্থাপনা এবং ধর্মীয় স্থানগুলোর ওপর নজরদারি চালানোর জন্য স্থানীয় সহযোগীদের অর্থায়ন করছিল এবং গুপ্তচরবৃত্তির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনে সহায়তা করছিল।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে উত্তরপ্রদেশ থেকে ৬২ জন। এছাড়া হরিয়ানা থেকে ৫২ জন, দিল্লি থেকে ৫১ জন, পাঞ্জাব থেকে ৪৪ জন, রাজস্থান থেকে ১৫ জন, মহারাষ্ট্র থেকে ৮ জন, উত্তরাখণ্ড থেকে ৫ জন এবং কর্নাটক, গুজরাত ও বিহার থেকে ৩ জন করে গ্রেপ্তার করা হয়েছে। তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর এবং কেরালা থেকে ২ জন করে সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন