আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং নিয়মিত তাদের খোঁজখবর নেওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ। মহান আল্লাহ পবিত্র কোরআনে বান্দাদের রক্তসম্পর্কিত আত্মীয়দের ব্যাপারে বিশেষভাবে সতর্ক করেছেন। সুরা নিসার ১ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তোমরা সতর্ক থাকো রক্তসম্পর্কিত আত্মীয়দের ব্যাপারে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের পর্যবেক্ষক।’
আমাদের প্রিয় নবীজি (সা.)-ও তার উম্মতদের আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহকে ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন তার রক্তের সম্পর্ক বজায় রাখে’ (বোখারি : ৬১৩৮)।
আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরিণাম অত্যন্ত ভয়াবহ। যারা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে না, মহান আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। রাসুলুল্লাহ (সা.) এ প্রসঙ্গে বলেছেন, ‘জ্ঞাতিবন্ধন আরশে ঝুলন্ত আছে এবং সে বলছে, যে আমাকে অবিচ্ছিন্ন রাখবে, আল্লাহ তার সম্পর্ক তাঁর সঙ্গে অবিচ্ছিন্ন রাখবেন। আর যে আমাকে বিচ্ছিন্ন করবে, আল্লাহ তার সম্পর্ক তাঁর সঙ্গে বিচ্ছিন্ন করবেন’ (রিয়াদুস সালেহিন : ৩২৮)।
প্রতিটি মুমিনের দায়িত্ব হলো আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদের খোঁজখবর নেওয়া এবং সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ যাদের সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, তাদের মধ্যে মা-বাবার পরেই নিকট আত্মীয়দের কথা উল্লেখ করেছেন। সুরা নিসার ৩৬ নম্বর আয়াতে মহান আল্লাহ এরশাদ করেছেন, ‘তোমরা ইবাদাত করো আল্লাহর, তাঁর সঙ্গে কোনো কিছুকে শরিক কোরো না। আর সদ্ব্যবহার করো বাবা-মায়ের সঙ্গে, নিকট আত্মীয়ের সঙ্গে, এতিম, মিসকিন, নিকট প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথি, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস-দাসীদের সঙ্গে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদের যারা দাম্ভিক, অহংকারী।’





