তারাগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের ধারে মানুষের মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার

প্রকাশ:

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় তিস্তা সেচ ক্যানেলের ধার থেকে একটি মানুষের মাথার খুলি ও পচে যাওয়া কঙ্কাল উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে কয়েকজন কৃষক সেচ ক্যানেলের পাশের জমিতে কাজ করতে যান। এ সময় ক্যানেলের ধার থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে তাঁরা এগিয়ে গিয়ে প্রথমে একটি মাথার খুলি দেখতে পান। পরে পাশের ঝোপঝাড়ে মরদেহের কঙ্কাল পড়ে থাকতে দেখেন। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয় লোকজনের দাবি, মাথার খুলির আশপাশের ঘাসে রক্তের মতো লালচে দাগ দেখা গেছে। তাঁদের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি সেচ ক্যানেলের ধারে ফেলে রাখা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাথার খুলি এবং শরীরের কয়েকটি অংশে বিভক্ত কঙ্কালটি উদ্ধার করেছে। ঘটনার তদন্তে ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন