চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলো এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য পুরোপুরি উপযোগী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। আজ মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা তার ফেসবুক পোস্টে একথা জানান। মাহ্দী আমিন বলেন, দেশজুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ চলমান রয়েছে। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করাই সরকারের প্রধান অগ্রাধিকার। সারা দেশে চলমান এই পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ২,৬৯৭টি কেন্দ্রে অংশগ্রহণ করছে।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য জেলায় পরিবেশ অনুকূল থাকায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা অব্যাহত রাখা হয়েছে। মাহ্দী আমিন জানান, শিক্ষা মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। কোনো শিক্ষার্থী যদি বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষা দিতে না পারে, তবে তাদের জন্য চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে।
কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৯৩টি কেন্দ্রের মধ্যে আকস্মিক জলাবদ্ধতার কারণে, মূলত এই একটি কেন্দ্রের ৯৮৭ জন পরীক্ষার্থী সাময়িক সমস্যায় পড়ে। কেবল একটি কেন্দ্রের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক হলেও, কুমিল্লা বোর্ডের বাকি ১৯২টি কেন্দ্রের প্রায় সকল শিক্ষার্থীর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, কোথাও যাতায়াত বা জলাবদ্ধতায় সমস্যা হলে তারা প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা সময় বৃদ্ধির মতো যেকোনো সিদ্ধান্ত নিতে পারবেন।
সারা দেশে ২,৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, তার মধ্যে মুষ্টিমেয় কিছু কেন্দ্রের ছবি ও ভিডিও নিশ্চয়ই পুরো পরীক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করে না। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুল থাকার বিষয়ে তিনি জানান, শিক্ষার্থীদের স্বার্থে ওই প্রশ্নের জন্য সবাইকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিশেষে তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই সব ধরনের অস্থিরতা কাটিয়ে মেধার ওপর আস্থা রেখে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন তিনি।





