সমালোচনার মুখে দক্ষিণ কোরিয়ার সাবেক কোচ হং মিয়ুং-বো যুক্তরাষ্ট্রে

প্রকাশ:

ফিফা বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ভরাডুবি এবং গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন দলটির সদ্য সাবেক কোচ হং মিয়ুং-বো। পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়ে উঠেছিল যে, নিরাপত্তার অভাব বোধ করায় তিনি শেষ পর্যন্ত দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। জংআং ডেইলি, চোসানবিজ ও স্টার নিউজ কোরিয়াসহ দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার পরপরই হং মিয়ুং-বো সমর্থকদের তোপের মুখে পড়েন। বিমানবন্দরে তাকে ঘিরে সমর্থকরা ‘হং আউট’ স্লোগান দিতে থাকেন। এছাড়া ‘হংয়ের বেতন ফেরত নেওয়া হোক’ লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করতেও দেখা গেছে অনেককে। এক পর্যায়ে সমর্থকরা তাকে গাড়িতে ওঠার আগ পর্যন্ত গালিগালাজ করেন। যদিও বিশ্বকাপের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে তিনি আগেই পদত্যাগ করেছিলেন, তবুও সমর্থকদের ক্ষোভ প্রশমিত হয়নি।

স্টার নিউজ কোরিয়ার প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকোতে বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার পর কয়েক দিন বিশ্রামের কথা ছিল হংয়ের। কিন্তু দেশে ফেরার মাত্র দুদিনের মাথায় তিনি যুক্তরাষ্ট্রে চলে যান, যেখানে তার পরিবার আগে থেকেই বসবাস করছে।

এদিকে, বিশ্বকাপের এই ব্যর্থতা নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ুং কঠোর অবস্থান নিয়েছেন। তিনি পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট মনে করেন, যোগ্যতার চেয়ে পক্ষপাতিত্ব ও ব্যক্তিগত সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়ার কারণেই এমন ভরাডুবি হয়েছে। বিষয়টি নিয়ে দেশটির জাতীয় সংসদেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

শেয়ার করুন